দোঁহা

শোভন মণ্ডলের গুচ্ছ কবিতা



অন্ন

প্রভু, এই দ্যাখো ভিক্ষার ঝুলি
তুলে নাও তবে একমুঠো অবশিষ্ট অন্ন
সে অন্নে ভরে উঠবে এই বিশ্ব জঠর
জগত জুড়াবে।
আশীর্বাদ দেবে আমায়, জানি
পূর্ণ হবে আমারই শষ্যভান্ডার
তোমার অসামান্য ম্যাজিকে।

নাও, নাও, তাড়াতাড়ি
বাঁচিয়ে রাখা এই যৎসামান্য শস্য
নির্দ্বিধায়।
সন্তানেরা ফিরে এলে ঘরে,
থাকবে না, থাকবে না আর
এই অবশিষ্ট অন্ন-মুঠি...


চাঁদের আলো

বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঝমঝম
মেট্রো চলে গেলে কয়েক মিনিটেই ভরে ওঠে প্লাটফর্ম
আজ কিসের যেন মিছিল বেরোবে রাজপথে
ছাতা হাতে অজস্র পুলিশের জটলা 

বেবাক তাকিয়ে রয়েছে ভিজে কাক
সময়টা ভাল যাচ্ছে না বলে পুরনো ভিখারি রাস্তা পাল্টেছে
অটোর আনাগোনা কম, তাই রাস্তায় নেমেছে মানুষ
মিডিয়া ধরে ধরে বাইট নিচ্ছে 

আজ চন্দ্রযান ল্যান্ড করবে চাঁদে
সে কথা মেট্রো জানে, পুলিশ জানে,  জনগন জানে
এমন কি ভিখারিটিরও অজানা নয়

আজ কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে
মিঠে চাঁদের আলোয় সকলে মিলে
অনেকদিন পর আমরা গল্প করবো।


এলিয়ান

আশ্চর্য জীবের মতো কী একটা চলে গেল মহাশূন্যে
নীল সমুদ্রে তার ছায়া ভেসে যাচ্ছে
এ দৃশ্যের ঠিকঠাক দর্শক নেই,  জেনে গেছি
তবুও সেই অবাক বিস্ময়ের দিকে আমরা যাব
যান প্রস্তুত করো। ধ্বজা ওড়াও। আলো দেখাও

কতটা নি:শ্বাস ফেললে জ্বালানি জমা হবে
কতটা শরীর উত্তাপে উত্থিত হবে শিখা
সবটাই মিলিয়ে ফেলতে হবে গণিত গণনায়

অচেনা প্রাণের খোঁজে আলো জ্বালাক এই আশ্চর্য মানুষ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন