পারদ পতনের সম্ভাবনা
জানি না কেন তুমি কথায় কথায় নারাজ
দেখা হবে কোনো অছিলায় এমনই তো শর্ত ছিল!
অথচ আজ পড়ন্ত বিকেলগুলো বৃথাই বয়ে যায়
ম্লান চোখে আমাদের মাপে দিগন্ত অনিমেষ।
স্বার্থপরতা ঘুরপথে আমাদেরই ঘরদোর আগলাচ্ছে
আমরা ভাবি নি এতটা অপারগ আমাদের টান!
ভান ছিল বর্ণনায়, প্রশংসায়, ভালোবাসায়...
তাই তো এই শীতে, ক্লান্ত দিন; ডুব রোমন্থনে
ফিকে হয়ে মিশে যায় পারদ পতনের সম্ভাবনায়।
বিশ্বাসের বীজপত্র
আমাদের হৃদয়ে মালিন্য, চিন্তায় ঈর্ষা,
বাসনায় লোভ, দুই হাতে দখলের নেশা...
ক্ষপণকও মুহ্যমান, ক্ষতিকর এই অস্থিরতা
মুহুর্মুহু এই অবনমন, ডুব বর্বর প্রতিযোগিতায়
আত্মরতির অগণন উন্মাদনা, সীমাহীন হাহাকার তবু
লজ্জাকর এই সংস্কৃতি, বিকট বিলাপ...
তাও স্বপ্ন বাঁচে, কতিপয় আশাও লতায়-পাতায়;
শিশু আজও দোলনায় দোলে, তার হাসি মুখ
এখনও বিবেকের চরাচরে নবারুণ হয়ে উদিত হয়।
আমাদের গেছে যে দিন, একেবারেই তা গেছে...
যতটুকু যা আছে, ওইটুকুই রুগ্ন প্রত্যয়ের সঞ্চয়,
বিশ্বাসের বীজপত্র তাতেই বিকশিত হোক।
