দোঁহা

কৌশিক চক্রবর্ত্তীর কবিতা

 

হোঁচট

চলো
পা ভিজিয়ে নিই
কোমরে বাঁধি 
ঘর্মাক্ত কোমরবন্ধ

দু আঁচল জলে
সন্ধ্যা নামে আদিম উপায়ে

এসো
জড়িয়ে নিই 
ডুব দিই 
নজরবন্দি চৌকাঠে

ভুলে যাও
হোঁচট খাওয়ার তীব্র শব্দ...


শব্দকোষ 

যেদিন তুমি আমার সামনে অনায়াসে স্নান সারলে
আকাশে একটা তারা বেশি ফুটেছিল
দিনে রোদের মাঝে
সে একাকি চেয়ে থাকতো
                               তোমার নগ্নতায়-

বাধা দিইনি তাকে
রাত গভীর হলে
সেও ক্রমাগত শুষে নিত ক্লেদবারিধারা...

তোমার আসন্ন ডুবে
হয়ত তার আগ্রহ নেই ছিঁটেফোঁটা 
আমি যত স্পষ্ট করি ঠোঁট
তুমি ভাবো অসম প্রতিযোগিতায় নেমেছি-

একদিন বুঝবে
তারাটিও ডুব দেয় ঘাটে
আমি তখন নতুন চুমুর তাগিদে
অনবরত শব্দকোষ ঘাঁটি...


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন