জলজ শিবির
টানা বৃষ্টি কতটা ধনাত্মক বা ঋণাত্মক
ভাবার আগে
পায়চারি থামিয়েছে আত্মগোপনরত অ্যালার্ম
চারপাশ থৈথৈ ডুব
ঠায় দাঁড়িয়ে আছি
দেহ গুটিয়ে গেছে থাবাহীন সংলাপে
জলজ শিবির
আমিও কর্মী
নিয়োগের পরিপাটি এড়িয়ে খুলে দিচ্ছি
নাভিকূপের সিংহদ্বার
জল জমা হয়েছে জলের ভিতর
এক পা এক পা করে নেমে যাচ্ছি
স্বপ্নে চলে
ঢলঢলে আঁকিবুঁকি।
ও চাঁদ-ও পুরুষ
ডেডিকেশন একটা অদ্ভুত শব্দ
সারাদুপুর ধরে চোরাবালির দিকে ঠেলে দিচ্ছি
অথচ ডুবছে না
বরং তাজা হয়ে উঠে আসছে —
উঠে আসছে দীধিতি হাতের বিরল পুরুষ
সকাল শুরুর রহস্যে তাকিয়ে নারী দেখেছ
চিবুকের তিলে কেমন সব বেয়াব্রু রোধ—
যেন অ-ঐশ্বরিক আবাসস্থল
এক বিপর্যস্ত সাপের গর্ত
অবলীলায় গিলে খাচ্ছে তোমায়;
'ও চাঁদ'
ও পুরুষ
'হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে'।
