দোঁহা

শ্যামাশিস জানার কবিতা

 



অবগাহন

তোমাকে সমুদ্র ভেবে ছুটে গেছি বারবার
অবগাহনের ভেতর অজানা এক সমুদ্রপথ
যেখানে নীল আকাশ কাঁপছে স্রোতের মত
যেন রঙের ভিতর ঝড় উঠেছে—
সেই নীলের নীচে এক ধ্যানস্থ মূর্তি
প্রার্থনার কোনো খণ্ডচিত্র নয়,
বরং তীব্র আকাঙ্ক্ষার আগুনে দগ্ধ এক প্রশ্নচিহ্ন
তার তলদেশের প্রবাল প্রাচীর ঘেরা অগণিত রেখাচিত্র

সমস্ত রেখাগুলো কেটে ফেললাম,
তবু যে দেহ রয়ে গেল—
আমি তাকে আঁকছি
নাকি সে-ই আঁকছে আমাকে—
এক টুকরো যন্ত্রণা,
এক টুকরো অপমান,
এক টুকরো ভাঙা পৃথিবী নিয়ে
ডুবে যাই তোমার ভেতর


চিত্রকল্প

পৃথিবী নিঃশব্দে শোনে
তার দীর্ঘ, কালো ইতিহাসের সুর
চারিদিকে ঘূর্ণি, আলো, ক্ষত ও জ্যোতি
এক ছদ্মবেশী উপসাগরীয় স্রোত—
ঢুকতে থাকে আত্মীকরণের ভেতর,
প্রগাঢ় সংলাপগুলো ভেসে যায়
ক্ষয়িষ্ণু শহরতলি, পথঘাট, ফুটপাতে

যেন এক অশেষ ক্যানভাস, 
যেখানে কল্পনাহীন রাত্রি ও অনন্তঘুম
এই মায়ার বাইরে দাঁড়িয়ে একসাথে গান গায়
আমি দেখি, আত্ননাশের রেখাগুলো জ্বলছে,
প্রতিটি ব্যক্তিগত পাপড়ি ছড়িয়ে যায়
পরম প্রিয়জনের শ্বাস প্রশ্বাসে,
গোপনে নেমে আসে ইতিহাসের রক্তঝড়
যা আগুনের তুলির মতো ছড়িয়ে পড়ছে
তার বুকে, তার মজ্জায়, তার অস্থিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন