তিতিক্ষা
হাসি মুখে যন্ত্রণা গিলে ফেলার নাম জীবন
আবরণহীন পথ, তবু কত অদৃশ্য প্রাচীর
কত বাঁক ও বৈভব, অপেক্ষা ও আক্ষেপ
নিরক্ত দহনের প্রকরণ, অবচেতনে ফিরে আসে সেই মুখ
দু-চোখ আজও অপার প্রাচুর্যে বিমোহিত
বিচূর্ণ হয়ে কত অন্ধকার জেগে থাকে অবিরাম
আত্ম-মন্থনে উঠে আসে ঝড়ের প্রবহ
নিবিষ্ট শূন্যে কার ইশারায় এত ক্লেদ ও আহ্লাদ
তুমি প্রাণ ভরে গ্রহণ করো এই শৌর্য
মুক্ত করো লাজুক পাপড়ি
প্রতিটি স্বপ্ন, মুখরিত সাঁতার শেষে
ডুবে যায় অতল, জীবনের গহিন আলোর বেদনায়।
সম্মোহন
চাইনি রতি-মুখর বেদনার উচ্চারণ
আত্মা কেঁপে ওঠে, সে নৌকা ধায় অপার শূন্যে
কার সেই অদৃশ্য টান?
জলের মতো সরল ভেঙে পড়ি নদীর ভেতর
অপূর্ব স্রোত বয়ে যায়
মোহনা বলে, 'নাও নাও, আরও গভীর'
সে আদি, সে রাত্রি, সে প্রথম আশ্রয়—
নিঃশব্দ ডুবে আমি বিলীন হই
মুখ থেকে মুখে, কত যুগ পেরিয়ে যায়
চেতনার আলোকিত ওষ্ঠ
সময়ের বুকে এঁকে দাও রক্তদাগ
এ জন্মের পূর্বস্মৃতি...
