উদয় সাহা
Stop & think : কবিতার স্পেস ও পাঠকের অবকাশ
কবিতার শেষে কিংবা কবিতার লাইনের মাঝখানে হঠাৎ যে ফাঁক চোখে পড়ে—তা কোনো ছাপাখানার ভুল নয়, কবির কোনো কায়দা বা ইচ্ছাকৃত অলস বিন্যাসও নয়। এই ফাঁক, এই স্পেস—আসলে পাঠকের জন্য ছেড়ে দেওয়া একান্ত অবকাশ। কবি শব্দ লিখে থেমে যান; সেই থামার মধ্যেই পাঠকের প্রবেশ। এই অংশটির নাম হতে পারে STOP & THINK; কবিতা যেখানে আপাত শেষ বলে মনে হয়, সেখান থেকেই অনেক সময় তার প্রকৃত পাঠ শুরু। বলা যায়, পাঠপরবর্তী স্পেস পাঠকের কাছে এক ধরনের licence or freedom to ponder and ruminate
‘চুপ করো, শব্দহীন হও…’
প্রতিটি কবিতা শব্দের পাশাপাশি নীরবতারও শিল্প। শব্দ উচ্চারিত হলে তার প্রতিধ্বনি যেমন থাকে, তেমনই থাকে এক ধরনের অনুচ্চারিত অনুভব—যা ভাষায় ধরা পড়ে না, কিন্তু অনুভূতিতে প্রবেশ করে। কবিতার পৃষ্ঠায় থাকা সেই ফাঁকা জায়গা পাঠককে থামতে শেখায়। দ্রুত পড়ে এগিয়ে যাওয়ার অভ্যাসকে ভেঙে দেয়। বলে—এখানে দাঁড়াও, এখানেই একটু অপেক্ষা করো। এই অপেক্ষাই কবিতার সঙ্গে পাঠকের প্রথম ঘনিষ্ঠ সংলাপ।
কবিতার লাইনের মাঝের স্পেস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। একটি লাইনের অর্থ প্রায়ই পরের লাইনে সম্পূর্ণ হয় না; মাঝখানের সেই ফাঁকেই জন্ম নেয় দ্বিধা, প্রশ্ন, সম্ভাবনা। কবি ইচ্ছাকৃতভাবে সব কিছু বলেন না। তিনি জানেন, অতিরিক্ত ব্যাখ্যা কবিতাকে ভারী করে তোলে।
“Words strain,
Crack and sometimes break, under the burden.”
— টি. এস. এলিয়ট
তাই কিছু কথা কবি পাঠকের হাতে তুলে দেন। লাইনের মাঝের স্পেস সেই দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ। একই কবিতা তাই ভিন্ন ভিন্ন পাঠকের কাছে ভিন্নভাবে ধ্বনিত হয়।
এই স্পেস পাঠককে ভাবতে সময় দেয়। আধুনিক জীবনের তাড়াহুড়ো, তথ্যের অতিরিক্ত চাপের মধ্যে কবিতা এক ধরনের বিরামচিহ্ন। কবিতার নীরবতা পাঠককে নিজের ভেতরের শব্দ শুনতে সাহায্য করে; শব্দের চেয়ে শব্দের মাঝখানের নীরবতায় তার প্রকৃত বিচরণ ক্ষেত্র তৈরি করে। আবার অনেক সময় দেখা যায়, কবিতার একটি লাইন পড়ে পাঠক আর পরের লাইনে যেতে পারেন না—থেমে যান। সেই থেমে যাওয়া কোনো বাধা নয়; বরং কবিতার সাফল্য। এই কারণেই Ezra Pound বলেছেন, Poetry is the silence between the words.
কবিতার গভীরে যে স্তরীভূত অর্থ থাকে, তা সরাসরি শব্দে ধরা পড়ে না। অর্থ যেন একাধিক পর্দার আড়ালে লুকিয়ে থাকে। পাঠকের কাজ সেই পর্দা একে একে সরিয়ে দেখা—to unmusk। কিন্তু এই অনুসন্ধানের জন্য প্রয়োজন নীরবতা, ধৈর্য এবং সময়। কবিতার স্পেস সেই অনুসন্ধানের ক্ষেত্র প্রস্তুত করে। সেখানে পাঠক নিজের মতো করে আলো ফেলতে পারে, নিজের মতো করে ছায়া বুঝতে পারে। কবি উন্মুক্ত করে দেন এক ভুবন ডাঙার মাঠ, কিন্তু ভেতরে ঢোকার পথটি পাঠক নিজেই তৈরি করে নেয়।
এই কারণেই কবিতা কখনোই সম্পূর্ণ একক কোনো শিল্প নয়। কবি ও পাঠক—এই দুইয়ের মিলিত উপস্থিতিতেই কবিতা পূর্ণতা পায়। কবির শব্দ আর পাঠকের নীরবতা একসঙ্গে মিলে কবিতাকে জীবিত এবং প্রাণবন্ত করে তোলে। বুদ্ধদেব বসু লিখেছেন,
“শব্দ ফুরোলে তবু
অর্থের ঢেউ থামে না।”
পৃষ্ঠার ফাঁকা জায়গা তাই কোনো শূন্যতা নয়; তা সম্ভাবনার ক্ষেত্র। সেখানে অসংখ্য পাঠ, অসংখ্য ব্যাখ্যা সহাবস্থান করে।
আসলে, কবিতার স্পেস পাঠককে সম্মান জানায়। বলে—তোমার ভাবনার মূল্য আছে, তোমার থামার অধিকার আছে। এই স্পেস তাই পাঠককে কেবল কবিতা পড়তে নয়, কবিতার সঙ্গে থাকতে শেখায়। পাঠক অনুধাবন করে, কবিতার ফাঁকা জায়গা অর্থহীন নয়; বরং তা নতুন অর্থ নির্মাণের আহ্বান। ঠিক এই জায়গায় পরিধিকে একটু বড় করে নিলে দেখা যায় Jaques Derrida বলছেন, অর্থ কখনো স্থির নয়; তা সবসময় পিছলে যায় (différance)। কবিতার স্পেস এই পিছলে যাওয়া অর্থের ক্ষেত্র—যেখানে একাধিক পাঠ সম্ভব। অন্যদিকে Reader-Response Theory (পাঠক প্রতিক্রিয়া তত্ত্ব) অনুযায়ী সাহিত্যের অর্থ সম্পূর্ণ হয় পাঠকের পাঠক্রিয়ায়। Wolfgang Iser যে ধারণাটিকে বলেছেন “Leerstellen” বা “gaps”, তা আসলে কবিতার সেই স্পেস—যেখানে পাঠক নিজের বোধগম্যতা ও কল্পনার সমান্তরাল বাহু বরাবর হেঁটে আবিষ্কার করেন কবিতার বহুমুখী বিবিধ অর্থ।
স্বভাবতই কবিতার স্পেস কোনো শূন্যতা নয়; তা পাঠকের চিন্তা ও অনুভবের জন্য সংরক্ষিত এক নীরব ক্ষেত্র, অথৈ ডুবের পরিসর, যেখানে কবিতা প্রতিবার নতুন করে জন্ম নেয়। শব্দের পর নীরবতা যেমন সঙ্গীতের অপরিহার্য অংশ, তেমনি কবিতার স্পেসও কবিতার অবিচ্ছেদ্য অঙ্গ। এই শব্দহীনতা বা নৈ:শব্দের মধ্যেই কবিতা তার সবচেয়ে গভীর কথাগুলো বলে যায়—শব্দ ছাড়াই।
একটু বেশীই বলে ফেললাম, বোধহয়। আসুন পাঠক অম্লান অবকাশ খুঁজে নিই। চলুন একটা লেখা পড়ি আর ডুব দিই স্পেসের অনির্বচনীয় গহীনে-
' একটা মোমবাতির মৃত্যু
একটা ফুঁ
একটা বাঁশির জন্ম
একটা ফুঁ '
( জলের জানলা খুলছে, ৩৭ শবরী শর্মা রায় )
