দোঁহা

তাপস কুমার দের কবিতা

  


অশ্রুর ডুব 

অশ্রুভাঙা জলে একটার পর একটা ডুব  

ব্যঞ্জনাত্মক বিধুর 
 নীল আস্তরণে জড়িয়ে থাকা সমাধিস্থ জোছনায় ফোটা ফুল

রক্তাক্ত 
স্মৃতি আকাশ ধরে হাঁটছে
এবং তার গল্পের ভাঁজে ঘুমিয়ে আছে স্বপ্ন

এখন সিঁদুর পরা আকাশ 
তারাগুলো দ্বীপ জ্বেলে রাখে
দাঁড় ঘষা সূর্যে একটুও জল নেই

মেঘ পুড়ছে 
বাঁদিকের আকাশ ভাঙবে বলে বাতাস উন্মাদ

আগুন 
ওর জলের ভাপ উড়ছে 
এবং ধৈর্য সংক্রান্ত ওয়েবসাইট ক্রাশ হচ্ছে 
যেখানে আবহাওয়া দপ্তর নিশ্চুপ বসে আছে 

স্নায়ুর জলে ফিসফিসানি বিষের শেকড়
অস্থি মজ্জা চুষে নিচ্ছে 
ফাঁপা হাড়ের দেহে দাঁড়িয়ে থাকবে দেশ

ডিঙি নৌকায় করে সমুদ্র পাড়ি দিচ্ছে সূর্য 

আর ভয়ঙ্কর চিৎকারে খুলে যাচ্ছে আকাশ 
মৃত্যুর ভেতর মানুষ ডুবে যাচ্ছে ।



ডুবের পর ডুব 

ডুবের পর ডুব দিয়ে সেলাই হচ্ছে জীবন 

হাওয়াই গাড়ি
ঋতুচক্রের আকাশ থেকে বেরিয়ে আসা রঙের ছল

কান্না 
স্মৃতি হলফনামা লিখে দিচ্ছে 
সেতারে নতুন তার নতুন সুর 
এবং সুরের মুর্ছনায় আলপনা দিয়ে যাচ্ছে ভোরের সূর্য

অন্তর্নীল বেহুশ আকাশ 
ত্রিমূখি ছুটছে চাঁদ 

স্বপ্ন 
আগুনকে পুড়ে যেতে দেখছে 
যার হাতে মিছিলের মতো নৌকা ছিল 
নৌকার তলে নক্ষত্ররাজির বসবাস

বাড়িঘর 
আর চৌহদ্দিতে শুধু ভয়
এবং ভয়ের বিছা দৌড়ে বেড়াচ্ছে

গোবর ছিটানো ছড়ায় সাবধানতার বাণী 

তুলসী পীঠে কতোবার মাথা ঠুকছে এই সূর্য

যার ধোঁয়া থেকে অন্ধকার জন্মায় 
মৃত্যু তার বুকপকেটের মুদ্রা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন