পর্যটন
চলো ঘুরে আসি
চঞ্চল ক্ষয়িষ্ণু রাতে,
পিছয়ে পড়া প্রেমিকের মতো
স্মৃতি উপত্যকাতে।
মাথায় পিছনে জেগেছে চাঁদ
সাদা ছোপ নিয়ে,
কালের কলিমা দেবতা ক’রেছে
ব্রীড়া বৈধব্য দিয়ে।
ক্ষতের ওজন কেমন ছিল
সেই স্বল্প পর্যটনে?
লোমশ চর্মে থেরীগাঁথা
ক্ষতি, অপ, তেজ অভিমানে।
মতিচূর্ণ আয়ুর সফর
রিপু আহার হাতে
শরীর পুণ্য তীর্থক্ষেত্র
সাত-চক্রের রাতে।
বিজয়া ১
মন যে আজ নাম লেখালো অস্তরবির খাতায়
বিষাদ সব ঝরে পড়ে শব্দহীন পাতায়…
আকাশ এতো অন্ধকার আকুল মেঘে ভরা
একটি বছর অপেক্ষা মাগো, বিপুল ছন্নছাড়া
ঢাকে চোখে জল যে মাগো, কাঁসি আটকায় পথ
কাশের বনে বিদায় ধ্বনি, তোমার উল্টোরথ।
বিজয়া ২
আলতা পরা সেই বিষাদের বেলা
দিঘির জলে সন্ধ্যা তারার ঢল নামলো যখন,
ঢাকের শব্দ পিছনে ফেলে রেখে
কৈলাশে মা ঠিক চললি তখন।
সিঁথি জুড়ে সিঁদুর খানিক মেখে
মুখে নিলি সিদ্ধি পাতার পান,
বছর ঘুরে আবার বাপের বাড়ি
বাতাস জুড়ে আজ বিদায়ের গান।
