দোঁহা

সঙ্গীতা মাইতির কবিতা

  

 

রাজপথ

 ক্রমাগত জেগে ওঠে রাজপথ
সূর্যাস্তের ঘ্রাণে ক্লান্তিহীন চোখদুটি জ্বলে
কখনো বৃষ্টি নামে শষ্যের যৎসামান্য আলাপে
তোমাকে দেখায় আশ্চর্য ভাষার ভাণ

নক্সাকাটা চুপড়িতে এ প্রজন্মের কয়েকটি গান,
অহেতুক শুদ্ধিকরণে পুড়ে যাওয়া ফুলগুলি
শোকবাসরের উপাচার,
কেবলই ছড়াই তোমার আসা-যাওয়ার পথে।

 

গোধূলি

কলহ সঁপেছি দুটো বনটিয়ার ঠোঁটে 
নেত্রযুগল কেনাবেচা সারে কুয়াশাময় ফসলে
একা জেগে থাকা বনস্পতি
কি এক স্পর্ধায় ধারালো ছায়া!
কেঁপে ওঠা ক্ষুদ্রতম আলো
তাকে ডাকেনি, কেবল নির্জন শরীরে 
বুনেছে নারাজ কবিতার বীজ
একে একে পালক খুলে ফেলে মন
নেমে এসেছে বিজনঘরের পর্দায়
মেঘের গায়ে লেগে সংক্ষিপ্ত কথোপকথন
এইভাবে মুছে ফেলছে গোধূলির হীনতা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন