লাল
এইভাবে বুননে বুননে প্রান্তভার
পেরিয়ে মলিন করি দুহাত...
ছিন্ন করি স্রোত, যাদের মুখোমুখি
হলে প্রতিস্বর মুছে যায়, ছিঁড়ে যায়
পরতে পরতে ফুল।
ওগো কোমল ত্রাণ, তোমার বিশালতার
কাছে কেন বিরল হল এ রাত্রি?
কেন কাতর হল সকল ধৈবতে?
অস্থিমজ্জা অতিক্রম করি আজও তোমার
প্রার্থনার কাছে এসে—
দেবে না, রক্তিমতা ?
কবলিত
রৌদ্রের কাছাকাছি পড়ে আছে তোমার
নিবিড় ভঙ্গিমা,
বায়ুহীন তার স্রোত ও গন্ধ…
দুহাতে বেজে উঠবার ইচ্ছেয় দেখো
তার কবলিত আলো খুলে দিয়েছে অখন্ড উড়ান—
তবুও যাকে আজ আঘাত শেখাতে
ছিন্ন করলে স্তব্ধজাল, শূন্য থেকে শূন্য
হলে মণিময়, ভুলে গেলে স্বর;
সে কি আত্মঘাতী ছায়া মেখে দাঁড়াবে,
তোমার শ্যাম ও পতনে ?
