দোঁহা

শ্যামাশিস জানার কবিতা

 

 

জীবনের উপপাদ্য

মানচিত্রে আঁকা শুধুই জ্যামিতির কল্পিত দ্রাঘিমা
চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রক্তের দাগ 
জেগে থাকে এক সবজান্তা বিচার-সর্বস্ব সত্ত্বা
এইসব সীমান্তধারণা, বিন্দু আর রেখাচিত্র চিরসত্য নয়
গোপনে চলছে ত্রিকোণমিতির খেলা, 
কত রকমের দর কষাকষি;
হায় পিথাগোরাস!
তোমার উপপাদ্য এখন-
একটি মিথ্যা যুদ্ধবিরতির চুক্তিপত্র, 
যেখানে লম্ব মানে ক্ষমতা
ভূমি মানে দখল
আর অতিভুজ হল সেই পথ,
যেখানে অপ্রেম ধ্বংস করে অগণিত মানুষের জীবন
হামাগুড়ি দিয়ে হিংসা উঠে আসে বুকের ভেতর
ভালবাসার আর তেমন কোনো সার্থক ভূমি নেই 
এখানে জীবন শুধুই লম্ব ও অতিভুজের অঙ্ক দিয়ে ঘেরা 

 

বিষাদ

আগুনকে পরমান্ন ভেবে পান করি। তবু অবচেতন জুড়ে ক্ষিদে, কিসের এক ভয় ঘিরে থাকে। চন্দন কাঠের জঙ্গলে ধ্বনিত হয় শোকার্ত অ্যাম্বুল্যান্সের আর্তনাদ। নিজের ভেতরে লুকানো কত অ্যাম্বুল্যান্স ছুটে আসে মগ্ন নৈঃশব্দের দিকে, তাদের ধাতব বুকে কত রঙের আলো শুধুই জ্বলে আর নেভে, সে সব ফোটন বৃষ্টি ভীষণ অলীক এবং ঐতিহ্যময় 

প্রতিবিম্বরা প্রতিবার এক মৃত্যুত্তর বিশ্বাসের দিকে হেঁটে আসে, যেভাবে জোৎস্নার ভেতর মৃত বাছুর ছুটে যায় ভাগাড়ের দিকে। আকাশে ওড়ে আগুনের শাঁস, তার ভেতর বেঁচে থাকা আসলে কতগুলো মিথ্যা চরিত্র যাপন। স্মৃতির রাস্তা জুড়ে মনখারাপের নিয়ন আলো অন্তহীন নেভে আর জ্বলে। যূথবদ্ধ বিষাদ ছুঁয়ে দেখে পুঁতিগন্ধময় রিচুয়াল। সমস্ত সিগন্যাল ছিঁড়ে উড়ে যায় অসংখ্য ভ্রাম্যমান হাসপাতাল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন