দোঁহা

শ্রুতি সামন্তের কবিতা

  

টান 

পাহাড় ও কি শব্দ করে!
তার সঙ্গে কথা হয় তোমার?
প্রথম সূর্যোদয়ের কথাকলি
ভেসে আসে কানে।
হিমবাহে গলে যাওয়া হৃদয় নিয়ে
চির পথিকের মতো ছুটে যাই প্রতিদিন
তবুও নদী হইনা
একটা অভিমানী ঢেউ এসে
আমাকে নিয়ে যায় মাঝে মাঝে
তার শব্দ তরঙ্গে আমি
করি সপ্ত সুরের আলাপ।

 

বিদায়

যেতে হবে তবুও
ক্ষমা করে ডেকে নিও
একবার যদি ভালবেসে ডাক দাও
ফিরতে পারি শীর্ণ হাতে গোলাপ ফুলে
ঢেকে যাওয়া প্রেমিকের আবরণে
কোনও বিশেষণ দেবেনা।
ধুলো বালির মতো মিশে যেতে চাই
তাজমহল গড়ার স্বপ্ন নিয়ে।
একবার ডেকে নিও
পালা বদলের ইতিহাসে
কবির মতো খুঁজে নিও
কোনও বনলতা সেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন