আমাদের নিকটদূর আমাদের নাতিশীতোষ্ণ
দুপুর গড়িয়ে সাঁঝ তবুও আসেনি জাহাজ
সুগঠিত রোদের ডিঙিনৌকা পেরিয়ে
শিখিনি গড়তে আমরা জলের প্রাচীর
অথচ বাহারি সাম্যে নদী জলাধার
বর্ষা আগমনে একই রকম খেলা
খেলেছে ঊষর দিন কিশোর রাত্রিবেলা
দূরবিনে দেখা অতিকায় প্রাগৈতিহাসিক
ছাড়িয়ে গিয়েছে তাদের ব্যস্ত অনুপাত
আমাদের নিকটদূর আমাদের নাতিশীতোষ্ণ
ধাক্কা খেয়েছে সব দুঃসহ দামাল
খুঁজে খুঁজে দেখি প্রতিপক্ষে
নতজানু হয়ে রয়েছে রণভূমি
আছড়ে পড়েছে দূরে, ধীরে আর পিছিয়ে
বিচ্ছুরিত মৌনবর্ণ বিস্ময়লোহিত
প্রহেলিকা ছড়িয়ে
অন্তিম দুর্গ খোঁজে প্রত্নতত্ত্ববিদ..
কৃষ্ণপক্ষ
কর্কটক্রান্তি বিষুবরেখার চওড়া ত্রিকোণ
জনপদ নয় সুদূরে প্রসারী আঞ্জুমান
বিধুর ঢেউতোলা তরঙ্গে
উঠে এসেছিল কন্দর্প
ঘৃণা নয় মানিয়ে নিয়ে ধীরে ধীরে
অনাকুল শান্ত সহনক্ষম
সে কীসের দর্শন ?
জটাধারীর নির্দেশ আদেশ
তাই নিয়ে জলঘোলা
উলটে পালটে এক নতুন বিতর্ক
কিছু প্রমাণ ক্ষতির সাক্ষ্য
জলে ডুবে যায় ভেসে ওঠে
কিছু অত্যুন্নয়ন
আগাগোড়া মাথা তুলে জেগেছে ফসল
তাই কদাচ হয়নি সফল
সেইসব উদ্ধত কৃষ্ণপক্ষ..
