মৎস্যজীবী
মাছের পেছনে ছুটি সারারাত সারাদিন
গভীর জলের দিকে চলে যায় দুরন্ত মাছগুলি
মাছেদের সরলমন জটিলমন আজও কি বুঝি?
শুধু জল ঘেঁটে ঘেঁটে জলের তলায় ডুবে যাই
নৌকার ওপর দোলে জীবিকা আমার
ভেজা আর আঁশটে গন্ধে ভরা
জলের খাতায় লিখে যাই জলসমাচার
রূপপুর
গ্রামের নাম রূপপুর, ঘোড়াগুলি রূপক আমরা সবাই রওনা হলাম
রাস্তা অনেক দূর
পথের মাঝে নদী আছে,তার নাম সময়নদী
পেরিয়ে গেলেই রাজার বাড়ি রাজপ্রাসাদ এক স্বপ্নপুরী
ধারণাগুলি জিরিয়ে নিচ্ছে, জেগে উঠছে
আমরা শুধু গল্প শুনছি, গল্পের ভেতর পাখি উড়ছে
অনেক রকম সেসব পাখি
অনুভূতিরাই একে একে দরজা খুলে ঢুকতে চাইছে
আসলে দেহ আর কেহ নয়
মনই শুধু ভেঙে ফেলছে বাস্তবে তার যত সীমানা
ছুটছে সবাই
কেউ কি জানে রূপপুরের কোন্ ঠিকানা?
