প্রগলভতা
আমরা এবার নদীর কাছে এলাম
(থুড়ি নদ)
হরিদাস পুরে গাছের ছায়ায়
একানে দোকান পেরিয়ে একটা কৃষ্ণচূড়া গাছ নিয়ে
ইতিউতি ক'টা শালিখ
আর অজয়
কুমুদ রঞ্জন তাকে যতই ভাঙ্গন ধরা বলুন না কেন এখন সে দিব্যি সৌম্যকান্তি যুবা
পলাশের লালের ভেতর দিয়ে
আকাশি নীল টি-শার্টে বসন্ত কাঁপিয়ে
হাজার যুবতির চোখে আগুন জ্বেলে দিয়ে
হেঁটে চলেছে একটা অন্য নদীর হাঁসুলি বাঁকের দিকে...
গ্যালাপাগস
বশিষ্ট আশ্রমের উষ্ণ পুস্করিণীতে নেয়ে ফিরছি
দু-পাশে নানান পশরা
শীতের পোষাক, লাঠি, পেতলের দেবী তারা
এ্যাপ্রিকট গাছে হাল্কা বেগ্নে গোলাপি ফুল
সহসা ইলেক্ট্রিক তারে ক্রিড়ারত হনুমানের মস্ত পরিবার
দেখে থমকে দাঁড়ালাম,
পাশেই শোভন মনু মন্দির।
তাহলে মানুষ এল কোথা থেকে মনু না বাঁদর!
