গাছের পেছন দিকে জানলা
গাছের পেছন দিকে জানলা…
আর জানলা দিয়ে আসছে আলো।
ঝাঁকড়া ঝাঁকড়া ডালগুলো অন্ধকার…
চাঁদ নেই। তারা নেই।
অল্প বৃষ্টি হয়ে গেছে।
এমন সময়ে খুব ভাল লেগে যায়…
ভাল লাগে মফস্বল কিংবা তার পাশের গ্রামটিকে,
ভাল লাগে ছেলের সঙ্গে বেড়াতে
এমনটিও নয়…
রামদাসী মল্লার বাজাচ্ছেন স্বয়ং আলী আকবর
তাও নয়,
কেবল স্টেশনে দাঁড়িয়ে একা ভেজার মতো একটা অনুভূতি হচ্ছে।
মনে হচ্ছে, কোথাও যেন গোরক্ষবিজয় পাঠ চলছে…
কোথাও যেন বা পাঠ চলছে অপূর্ব ভঙ্গিতে
মেলে দিতে চাই দুটো হাত
বাতাসে ছড়িয়ে দিতে চাই করতল
ভাল লাগে এই সন্তর্পণ
খেয়ে দেয়ে তোমার সঙ্গে হাত ধুতে যাওয়া…
