দোঁহা

সুকান্ত মণ্ডলের কবিতা

 


 জন্মলিপি 

ভাঙা তালার ভেতর থেকেও কথা বলছে জন্মলিপি।

 বহ্নিমুখ থেকে পিছু হাঁটছে এক আদিম ভাষা,
মেঘলা দিন পেরিয়ে অবশেষে বৃষ্টিতে ফোটে
একটি নাম
একটি জনগোষ্ঠীর হারানো অস্তিত্ব।

পাঁজরের গহ্বরে বাজে সেই ধ্বনি
যা আজও বুকে নিয়ে বাঁচে কিছু কাদার মূর্তি।


প্রতিস্মৃতি

জমাটবাঁধা সিলাবাসের ফাঁক গলে
ঢুকে পড়ছে কিছু প্রতিস্মৃতি—
দেওয়ালের পলেস্তারায় লেখা খসড়া ইতিহাস
কিংবা করতলে কালি লেগে থাকা বর্ণমালার খোঁজ।

মুছে ফেলার আগে প্রতিটি ভুল বানান,
চিহ্ন রেখে যাচ্ছে অনিবার্য ভবিষ্যতের জন্য।


উত্তরাধিকার

কোনো দলিল নয়,
রক্তের ভাঁজে গোপন উত্তরাধিকার।
যেখানে মিশে থাকে দাঁতের ফাঁকে লেগে থাকা আখের স্বাদ
অথবা বাবার কাঁধে রাখা হাতের ভার।

ইঁটের গায়ে যেভাবে ছাপ পড়ে গোরুর গাড়ির চাকার,
ঠিক তেমনই থেকে যায় অস্তিত্বের ছায়া

পুড়ে যাওয়া নথির নিচে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন