দোঁহা

রহিত ঘোষালের কবিতা

 


তট

আজ রাতে রাস্তার আলো
চমকিত,
ঠিক প্রার্থনা শেষের অবিমৃষ্য
উপসংহার,
আমরা ডুবে যাই বৃষ্টির জলে,
আমরা ডুবে যাই দুর্বিনীত চোখে,
অভ্যাসের ভুলে মন্থর ঢালু পথ,
কার্নিশ আচম্বিতে ভেঙে যায়,
শীত-উলকির বেদনা
কাউকে কখনো বুঝিয়ে বলা যায় না।



শৌখিন

এই প্রেক্ষাগৃহে শীতের গন্ধ লেগে আছে,
মঞ্চের বাতির ঝিম ধরা শব্দ,
তবে অন্যদিনের থেকে আজ অনেকটা আলাদা,
কিছুটা গোঙানির মতো—
নীল ত্রিকোণ আলো মঞ্চের উপর এসে পড়ে,
ছোট ছোট মানুষ তাতে ডুবে মরে,
চোখের সামনে ফুটে ওঠে এক দুর্গ,
চিরশ্যামল লালসার ঝাপটানি,
ছায়ার অসুখ আজ,
তাই বাড়ি ফিরো না একাকিনী।







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন