চিহ্ন
ডুব আর প্রেম
জানা নেই গভীরতা, তবু পা এগিয়ে যায়।
জল ডাকে নিঃশব্দে,
নদীতে ডুব
আর প্রেমে ঝাঁপ
একটায় ছলাৎ
আরেকটায় ফিনকি
ডুবে যাওয়ার ভয় দুই জায়গাতেই,
ভেসে উঠতে না পারলে—দুটোই রেখে যায় চিহ্ন।
দিকনির্দেশ
গহনে ডুব দেওয়া মানে
আলোর শেষ সীমা পেরিয়ে যাওয়া।
সেখানে শব্দ ভেঙে যায়,
শুধু নিঃশ্বাসের ভার টের পাওয়া যায়।
ডুব দিতে দিতে স্মৃতি হালকা হয়,
নামহীন ভয় পেছনে পড়ে থাকে।
হৃৎস্পন্দ শিখে নেয় অন্ধকারের ভাষা,
স্পর্শই হয়ে ওঠে দিকনির্দেশ।
গভীরে প্রেম ভারী নয়,
বরং আশ্চর্যরকম শান্ত।
ডুবে থেকেও মানুষ ভাসতে শেখে,
দেখতে শেখে নিজের ভেতরের অথৈ
