দোঁহা

পিউলি মুখোপাধ্যায়ের কবিতা

 

 
স্বাভাবিক

রাজনীতিতে কোনও বক্তব্য নিরপেক্ষ নয় 
বন্ধনে বন্দি, নীলিমায় নীল আমার লেখা থেকে কবিতা খুঁজো না, বা সৌরভ
জানিয়ে দিও বক্তব্যে পেলে সন্ধি
ক্রমশ হারিয়ে যাচ্ছিলাম, তলিয়ে যাচ্ছিলাম একটা মিথের নিচে

অশিক্ষার চিৎকার শ্রবণশক্তির বদলে গ্রাস করেছিল চিন্তা ও বুদ্ধির স্তরগুলো 
কাঠিন্যের টবে অনিচ্ছাকৃত স্থবিরতার ফুল
অপেক্ষা উষ্ণতা বাড়ায়, হিমবাহ গলে প্রবাহ শুরু
স্রোতের ছোঁয়ায় দূরে যাওয়ার মতো দুলতে থাকা
মেঘের গতিসংক্রান্ত মতবাদ না জেনে 
নীল ছাদের পাহারায় থামলেই ডুবজল, 

এই বুঝি

কার্নিশের স্বাভাবিক বিপজ্জনক দৃষ্টিতে ফুটবে ক্যান্ডিডাম লিলি!



ডুব

কিছুই হলো না শেষ, পরিমাণ মতো বিতর্ক
হাঁটাচলায় লেগে আছে নির্বিকার আতিশয্য ও উদারতায়
কে যেন চলে গেছে বৈকালীন শূন্যতা নিয়ে!
এখন সন্ধের নিমজ্জন ঘিরে উদযাপন-প্রস্তুতি
নিয়মের চৌকাঠ কতবার পেরিয়েছ দিনে?

হাওয়া বয়ে চলে, সাজগোজের নিচেও সুন্দর তুমি,
কানে কানে কে বলে? তাকে ঈশ্বর বলে চিনি।
তুলাযন্ত্রে মেপে দুঃখের ভার কমিয়েছেন এতদিন,
এবারে মনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম-এ দেখাচ্ছেন
স্থিতি-গতির সূত্রসহ গাণিতিক মানুষজন।

গঙ্গায় ডুব দিলে যদি শোনো ভাষণ, বারবার
ভরাডুবি এড়িয়ে আবর্জনা আঁকড়ে রাখাই জীবন





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন