দোঁহা

রাখী সরদারের কবিতা

 

পাঠক

নিজের ওপর এসে পড়া
একলা অন্ধকারের পাশে
যখন এসে বসি

মনে হয়

আমাকে চেনে না কোনো আলো

তাও
শাশ্বত প্রণয়ে ঘিরে রাখো
আমার আবেগ

একরকম শূন‍্যতায়
বারবার বলো

লেখো, লেখো, তোমার লিখিত-দৃশ্যে
আমাকে অভ‍্যাস করো।

                    

কপিলা

যখনই নদী দেখি
মনে পড়ে দূর দূর কুবের মাঝির
                                   রূপকথা...
ডাগর ঢেউয়ের মাস,ভাঙা নৌকা
জোয়ারের টান;
নীল মেঘের ডাকে
কে যেন ভালবেসে ছটফটায়
                  আদরের ডুব জলে!
পরে পরে কত জল গড়িয়েছে
অঙ্গ ধুয়ে ধুয়ে কত সর্বনাশ
তবু
ছায়ার আড়াল ঘেঁষে
শরীরমঙ্গল নিয়ে জন্ম জন্ম বসে
কুলভাঙা - নাছোড় কপিলা!


                      




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন