দোঁহা

শিশির আজমের কবিতা

 


পেঁয়াজ

চুলো ধরিয়ে বউ সকাল সকাল
পেঁয়াজ কাটতে বসেছে

আমাকে কাজে বেরুতে হবে
আর আমার খাবার দরকার

বউ কাঁদছে
ওর চোখে পেঁয়াজের ঝাঁঝ

পেঁয়াজ ছাড়া কি তরকারি হয় না
কেন পেঁয়াজই কাটতে হবে

আর এতো এতো ঝাঁঝ
পেঁয়াজের ভেতরটায় আছে কেন

আর খোসা ছাড়ানোর পর
একটার পর একটা শাস
একটার পর একটা শাস
কীভাবে
কেন

কেন আমার বউ কাঁদবে
না কি পেঁয়াজের ভেতরটায় দিনের পর দিন
দিনের পর দিন
কেউ রয়েছে
দুঃখী

লেপ 

ঠান্ডা টেবিল থেকে ঠান্ডা বিছানায় উঠে এলাম
এখন
আমার হাত মাথা আর পুরো দেহটা
ঠেলে দেবো লেপের ভেতর

আর শ্বাস নেবো
শ্বাস নেবো যেন চিন্তা ক্লেশ অপমান দূরীভুত হয়

আমার শ্বাস আমার লেপের ভেতর
পাক খায়
আর লেপের ভেতরের প্রতিটা অংশকে
সে ছোঁয়

মনে রেখো
কেউ যখন নিজের শ্বাসের কাছে শোয়
ঠান্ডা তাকে কাবু করতে পারে না





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন