দোঁহা

সুমিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা

 

ফাগুনের দিনলিপি 

নভের শশী-ঠাকুরানি মেঘ-বালিকের সাথে, 
জোনাক-জলে সাঁতরে চলে অস্তাচলের পথে। 

নিশি-ভোরের শিশির ভেজা সদ্য-কচি ঘাসে, 
বাস্পে ভরা আতস কাঁচের ওড়না যেন ভাসে। 

চিকন-আলো, হিজল বনে ফুলের গালিচায়, 
বাসন্তিকার রেশম-সুতা উত্তরীয় গায়।

আসছে সকাল পলাশ-রঙা বহ্নিশিখা নিয়ে, 
ঘুম ভাঙানি জিয়ন কাঠির পরশ খানি দিয়ে। 

কোমল-কড়ি খেলায় মাতে 
বসন্ত-রাগ ভাসে,
পর্ণমোচী কুরচি ফুলে কালো ভ্রমর আসে।

পাতার বাঁশি শিশুর হাসি প্রথম শেখা বুলি, 
উদ্ভাসিত মায়ের মুখে গোধূলির রঙ-তুলি।

 

পান্থ-মিহির 

আসমানী-নীল-সামিয়ানায় শেষ বিকেলের আলো, 
জাফরি-জালির শৈলী আঁকে নকশা সাদা-কালো, 
শ্যাম-রঙা পাড় লাল জমিনে স্বর্ণাভ কিংখাব, 
দিন হারিয়ে সেহের খোঁজে উদাসি আফতাব।
আলো-ছায়ার শায়রানা তে ঘরে ফেরার গান, 
রাগ-ইমনের বিলম্বনে ম্লান রেখাবের তান,
দিবস-রাতির সন্ধিক্ষণে সাঁঝের এলোচুল-
রোশন-ভরা রাত-রুহানী চাঁদ-সিতারার ফুল।
নিঝুম-নিশি মিলন শেষে চরাচরের বুকে- 
সোহাগ-মাখা আলিঙ্গনে ঘুমায় পরম সুখে। 
মিস্রি-মিহি কোহরা ভাসে অথৈ জোছনায়,
পান্থ-মিহির প্রহর গোনে ভোরের প্রতিক্ষায়।




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন